বন্ধ হচ্ছে গুগলের ফ্রি ওয়াইফাই সেবা

১৭ ফেব্রুয়ারি, ২০২০ ২৩:৩৩  
চার বছরেরও বেশি সময় ধরে বিশ্বের বিভিন্ন উন্নয়নশীল দেশে জনসাধারণকে বিনামূল্যে ইন্টারনেট সেবা দিয়ে আসছে প্রযুক্তি জায়ান্ট গুগল। তবে এবার গুগল তাদের স্টেশন প্রোগ্রামটি বন্ধ করার পরিকল্পনা করেছে। খবর এনগ্যাজেট। বর্তমানে ভারতের ৪০০ রেলওয়ে স্টেশনে বিনামূল্যে ওয়াইফাই সেবা দিচ্ছে সার্চ ইঞ্জিন জায়ান্ট। এছাড়া ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, মেক্সিকো, থাইল্যান্ড এবং ভিয়েতনামসহ বিশ্বের ৫ হাজারের বেশি স্থানে চালু রয়েছে সেবাটি। গত সপ্তাহ থেকে সেবাটি বন্ধ করার কথা শোনা গেলেও, সোমবার বিষয়টি নিশ্চিত করেছে গুগল। গুগল এই সেবায় বিজ্ঞাপন দেখানোর মাধ্যমে সেখান থেকে আয় করার পরিকল্পনা করেছিলো। তবে আয়ের তুলনায় অংশীদারদের কারিগরি ও অবকাঠামোগত চাহিদা বেশি হওয়ার সেবাটি বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া সুলভে এলটিই ডেটার চাহিদা বেড়ে যাওয়ায় বর্তমানে আগের মতো এই সেবার প্রয়োজন নেই বলে মনে করছে গুগল। সুখবর হলো, ভারতের ৪০০টি স্টেশনে সেবাটি বন্ধ হচ্ছে না। সেখানে গুগলের অংশীদার কোম্পানি রেইলটেল বিনামূল্যে সেবা দেবে বলে জানিয়েছে। ডিবিটেক/বিএমটি